জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক রাব্বানী নাদিম হত্যা মামলায় আন্দোলন সরকার (৪৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি বাবুসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) রাতে উপজেলার উত্তর ধাতুয়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আন্দোলন সরকার ওই এলাকার মৃত ইমান আলী সরকারের ছেলে।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, মঙ্গলবার সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি নয়ন সরকারকে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে সে আন্দোলন সরকারের জড়িত থাকার কথা স্বীকার করে। পরে রাতে অভিযান চালিয়ে ধাতুয়াকান্দার নিজ বাড়ি থেকে আন্দোলন সরকারকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ। তাই আন্দোলন সরকারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি পুলিশ আদালতে তার ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে একাত্তর টিভির বকশীগঞ্জ সংবাদদাতা ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম পিটিয়ে জখম করা হয়। পরদিন ১৫ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।