নৌকাডুবি: জেলের জালে আটকা পড়ল লাশ, নিখোঁজ ২

নেত্রকোনার পূর্বধলায় কংস নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আরও দু’জর এখনও নিখোঁজ রয়েছেন।

বুধবার (৫ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে দুর্গাপুর উপজেলার দেওটুকোন গোদারাঘাটের পূর্বপাশে কংস নদের জেলেদের জালে লাশটি আটকা পড়ে।

মৃত মাহাবুব আলম (১২) দুর্গাপুর উপজেলার পশ্চিম দেওটুকোন গ্রামের মাজহারুল ইসলামের ছেলে ও পূর্বধলা উপজেলা সদরের একটি কওমি মাদ্রাসার ছাত্র।

দুর্গাপুর থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নৌকা ডুবির ঘটনায় এখনও দু’জন নিখোঁজ রয়েছেন। তারা হলেন পূর্বধলা উপজেলার আগমারকেন্ডা গ্রামের সাহেদ আলীর ছেলে সোহেল মিয়া (১৮) ও দুর্গাপুর উপজেলার দেওটুকোন গ্রামের আবু ছিদ্দিকের ছেলে স্বপন মিয়া (২৫)।

পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের সাব-অফিসার মো. সাইফুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১০টার দিকে ময়মনসিংহ থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল এসেছে নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) আবার কিশোরগঞ্জের একটি ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

নৌকাডুবির ঘটনার পর ফায়ার সাভির্সের একটি দল উদ্ধার অভিযান চলমান রয়েছে। ছবি: ইত্তেফাক

গত বুধবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে পূর্বধলার জামধলা বাজার গোদারাঘাট থেকে স্থানীয় নৌকার মাঝি রঙ্গু লাল একটি ডিঙ্গি নৌকায় করে ১০ থেকে ১৫ জন যাত্রী নিয়ে নদের ওপাড়ে দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি গোদারা ঘাটে যাচ্ছিলেন। মাঝ পথে নদের স্রোতে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ১০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও সোহেল মিয়া (১৮), মাহাবুব আলম (১২), স্বপন মিয়া (২৫), এনায়েত উল্লাহ (১৬)সহ চার যাত্রী নিখোঁজ হন। এদের মধ্যে এনায়েত উল্লাহকে ঘটনার পরপরই জীবিত উদ্ধার করা হয়।