সাগর নন্দিনী-২ জাহাজে বিস্ফোরণ

‘জমে থাকা গ্যাস অপসারণ করতে গিয়ে প্রথম বিস্ফোরণ’

জমে থাকা গ্যাস অপসারণ করতে গিয়ে ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ জাহাজে প্রথম দফায় ইঞ্জিনরুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৬ জুলাই) জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন এ কথা বলেন।

মো. রুহুল আমিন বলেন, তদন্তে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। জাহাজের ইঞ্জিনরুমে হয়তো গ্যাস জমেছিল। সেই গ্যাস অপসারণের জন্য জেনারেটর চালু করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে জ্বালানি নিয়ে আসার পর কয়েকদিন নোঙ্গর করে রাখায় সেই গ্যাসের সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞদের মতামত এবং আহতদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া জাহাজটির ফিটনেসসহ কাগজপত্র সঠিক পাওয়া গেছে।

পদ্মা ওয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান বলেন, কয়েকটি জাহাজে বেস কিছু তেল অপসারণ করা হয়েছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-সহকারী পরিচালক মো. ফিরোজ কুতুবী বলেন, ট্যাংকারটিতে থাকা অবশিষ্ট তেল অপসারণে ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞদের পরীক্ষা নিরীক্ষা ও নির্দেশনা ছাড়া তা এখনই অপসারণ করা সম্ভব হচ্ছে না। তবে জাহাজটিতে পানি উঠে যেন ডুবে না যেতে পারে সে ব্যাপারে তৎপরতা অব্যাহত রয়েছে। 

এর আগে ১ জুলাই জাহাজটিতে প্রথম দফা বিস্ফোরণের ঘটনায় ৫ জন আহত ও ৪ জন নিখোঁজ ছিলেন। পরে ইঞ্জিনরুম থেকে ২ জুলাই একজন এবং ৩ জুলাই ডুবন্ত মাস্টারব্রিজ ও কেবিনের ভেতর থেকে আরও ৩ জনের লাশ উদ্ধার করা হয়।