রবিবারই বোনাস পেয়ে যাবেন ফুটবলাররা

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা বাংলাদেশ ফুটবল দলকে বোনাস ঘোষণা দিয়েছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। জানিয়েছিলেন সেমিফাইনালে ওঠায় ৫০ লাখ টাকা বোনাস। আর যদি ফাইনালে উঠে আরও ৫০ লাখ টাকা বোনাস দেওয়া হবে। ফাইনালে উঠতে পারেননি বাংলার ফুটবলাররা। না পারলেও মনে রাখার মতো ফুটবল খেলেছেন রাকিব হোসেন, মোরাসালিন, বিশ্বনাথ জনি, ফাহিম, গোলকিপার জিকো, তারিক কাজী, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিমরা।

সাফের অভিযান শেষ করে মঙ্গলবার ঢাকায় ফিরেছেন জামাল ভূঁইয়ারা। এরই মধ্যে বাফুফের সভাপতিও খেলোয়াড়দের ডাকার কথা জানিয়েছেন। গতকাল বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, রবিবার দুপুরে বাফুফে ভবনে সবাইকে ডাকা হচ্ছে। সেদিনই বোনাসের টাকা তুলে দেওয়া হবে।’

এই অনুষ্ঠান ছিল শনিবার। কিন্তু সেদিন একাধিক ফুটবলারের লিগের খেলা রয়েছে বলে সবাইকে একসঙ্গে না-ও পাওয়া যেতে পারে।

প্রত্যেক ফুটবলার ১ লাখ ৫০ হাজার টাকা করে পাবেন। সবাইকে সমান ভাগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাউকে কমবেশি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তুষার। দলে খেলোয়াড় কোচিং স্টাফসহ ৩৪ জন রয়েছেন। মিডিয়া ম্যানেজার, টিম স্টাফ মহসীনও খেলোয়াড়দের সমান টাকা পাবেন বলে জানান তুষার। আর সবাইকে সমান ভাগ করে অর্থ দিতে গিয়ে ৫০ লাখ টাকার বেশিই গুনতে হবে।