নির্বাচন কমিশনার ব্রিগিডিয়ার জেনারেল (অবঃ) মো. আহসান হাবিব খান বলেছেন, ভাণ্ডারিয়া পৌরসভার নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অবাধ পরিবেশে অনুষ্ঠানের জন্য ইসির সকল প্রস্তুতি রয়েছে।
বৃহষ্পতিবার (৬ জুলাই) বিকালে পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সভায় জেলার ভাণ্ডারিয়ার পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
এছাড়া ভোটারা যাতে নির্বিঘ্নে, অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয় সে বিষয় আইনানুগ থাকার জন্য নির্বাচন কমিশনার গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা তুলে ধরেন। এ ক্ষেত্রে দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তাকে নির্বাচন কমিশনের নিয়মনীতি অনুযায়ী কাজ করার বিষয় পরামর্শ দেয়া হয়। ভোট গ্রহণ, ফলাফল প্রদান, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে কোনো দ্বিধা-সংশয়কে প্রশ্রয় দেওয়া হবে না বলে সভায় সকলে একমত হন।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান ও নির্বাচন কমিশনের বরিশালের আঞ্চলিক কর্মকর্তা মো. আলাউদ্দিন।
উপস্থিত ছিলেন র্যাবের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আনসার বাহিনীর কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে যোগ দেন।