শিবচরে কৃষি অফিসে জনবল সংকট, সেবা থেকে বঞ্চিত কৃষক

মাদারীপুরের শিবচরে উপজেলা কৃষি অফিসে জনবল সংকট থাকায় দীর্ঘদিন ধরে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। জনবল সংকটের বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও কোন প্রকার ফল হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। 

জানা গেছে, উপজেলার ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কৃষি সেবা নিশ্চিত করার লক্ষে রয়েছে ৫৮টি ব্লক। এই উপজেলাটিতে ২২১% কৃষিতে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও জনবল সংকট থাকার কারণে প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হওয়ায় দিন দিন কৃষি কাজের প্রতি আগ্রহ হারাচ্ছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আবজাল হোসেন জানান, আমি এক বছর ধরে এক একর বিশ শতাংশ  জমির উপরে আমার নিজ এলাকায় মালটা ও পেয়ারার বাগান করেছি। আজ পর্যন্ত আমাদের ইউনিয়নের দায়িত্বে থাকা কোন কৃষি অফিসাররা আসেননি। শুনেছি তাদের জনবল সংকট রয়েছে। অফিসাদের সহযোগিতা না পেয়ে ফসলের সঠিক পরিচর্যা করতে পারছিনা। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। দিন দিন কৃষি কাজের ওপর আগ্রহ কমছে। এ অবস্থা চলতে থাকলে এক সময় ফসল ফলাতে কৃষক পাওয়া যাবে না।
 
কৃষি অফিস সূত্রে জানা গেছে, শিবচর উপজেলা কৃষি অফিসের অধীনে দীর্ঘদিন যাবৎ যে সমস্ত পদ শূন্য রয়েছে তা হলো- উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার একজন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার একজন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার একজন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ৩৮জন, প্রধান সহকারী একজন, ব্যক্তিগত সহকারী একজন, উচ্চমান সহকারী তথা হিসাব রক্ষক একজন, অফিস সহকারী তথা কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন, স্প্রেয়ার মেকানিক একজন, নিরাপত্তা প্রহরী দুইজন, পরিছন্ন কর্মী একজন। 

আরো পড়ুন: নতুন আরো পরিকল্পনা নিয়ে এবার কাজ করতে চাই: মম

উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায় বলেন, জনবল সংকট থকার কারণে ৩ জনের কাজ একজনের করতে হিমশিম খেতে হচ্ছে। আরো কিছু লোকবল পেলে কাজের গতি আরো বৃদ্ধি পাবে। কর্তৃপক্ষের নিকট প্রতি মাসেই শূন্য পদের প্রতিবেদন পাঠানো হচ্ছে। আশা করা যায় খুব শিগগির কিছু লোকবল পাবো।
 
এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) কৃষিবিদ মাহবুবুল আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামী এক মাসের মধ্যে সারা দেশে পরীক্ষার মাধ্যমে ১৬৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। নিয়োগ হলে সারা দেশে কৃষি খাতে জনবল সংকট কমে আসবে। 

তিনি আরো বলেন, অন্য যে সমস্ত শূন্য পদ রয়েছে তা পূরণের জন্য আমাদের বিবেচনায় রয়েছে, যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমআই