‘এ দেখাই শেষ দেখা নয়’ তামিমের সিদ্ধান্ত বদলের পর মাশরাফি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। তবে একদিন পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সিদ্ধান্ত বদলেছেন তামিম। প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের সাক্ষাতের সময় সঙ্গে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজাও।

অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করার ঘোষণার পর সামাজিক যোগাযোগমধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারি না।’ তার আগে গণভবন থেকে বের হয়ে গণমাধ্যমকে তামিম বলেছিলেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।’

অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারে মাশরাফি ভূমিকা রেখেছেন বলে জানিয়েছিলেন তামিম। তিনি আরও বলেছিলেন, ‘তাতে (সিদ্ধান্ত প্রত্যাহারে) অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন।’

তামিমের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারে পর অফিশিয়াল ফেসবুক পেইজে মাশরাফি দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়, ইনশা আল্লাহ।’