অর্ণব, অনুপমের সুরে ‘ম্যাজিকাল নাইট’

অনুপম, অর্ণবের নানান গানের সুরে কেটে গেল এক রাত। ট্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনে সম্পন্ন হলো এক ‘ম্যাজিকাল নাইট’। অর্ণব, অনুপম রয়, তালপাতার সেপাই, মেঘদল, হাতিরপুল সেশন ছিলেন এই আয়োজনে।অনুষ্ঠানের রাতে কানায় কানায় পূর্ণ হয়েছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। 

একই সঙ্গে দুই বাংলার এই রকম আয়োজনে দর্শকরা মুগ্ধ এবং আনন্দিত। তারা চায় সামনেও এই রকম আরো আয়োজন হোক এবং সবাই মিলে যেন আগামীতেও এই রকম আয়োজন উপভোগ করতে পারে।

বিকাল ৪টার দিকে বিভিন্ন স্থান থেকে দর্শক-শ্রোতারা আসতে শুরু করে। কনসার্ট শুরু হয় পৌনে ৬টার দিকে। বিকালে ‘হাতিরপুল সেশনস’র পরিবেশনার মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। ‘উপ’, ‘ম‌নোহর’, ‘আনন্দ দাও’, ‘তুলনামূলক রোদছায়া’, ‘শহ‌রের দুই‌টি গান’ গেয়ে দর্শক মাতানো হয়।

2

মেঘদল চলে এসেই ‘এ হাওয়া আমায় নেবে কতদূর’ গেয়ে সবাইকে নিয়ে যায় এক অন্য সুরের আবহাওয়ায়। রাত ৭টা ২০ মিনিটে মঞ্চে আসে কলকাতার ব্যান্ড ‘তালপাতার সেপাই’। হাজারো দর্শক-শ্রোতা সমস্বরে চিৎকারে করে মঞ্চে স্বাগত জানায় তাদের। তারা গেয়ে শোনায়, ‘ও দয়াল বিচার করো’ গানটি।

‘আমরা এসে গিয়েছি। তোমরা রেডি তো’ এ কথা বলতে বলতে রাত ৮টার দিকে মঞ্চে ওঠেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। এ সময় চারদিক থেকে মুহূর্তেই আনন্দ-উল্লাসে অজস্র ধ্বনি তোলেন গান শুনতে আসা দর্শক-শ্রোতারা। পাশাপাশি ‘অনুপম, অনুপম, অনুপম’ বলে চিৎকার করে ওঠেন। একে একে গেয়ে শোনান ‘যদি কেড়ে নিতে বলে’, ‘বাড়িয়ে দাও তোমার হাত’, ‘আমার আঙুল হাতে ঠোঁটে তুমি লেগে আছো’ গানগুলো।

3

সংগীত পরিবেশনের এক ফাঁকে অনুপম বলে ওঠেন, ১৩ বছর ধরে গান করছি। ভাবিনি এত সাড়া পাব। তাই বলছি আবারও বাড়িয়ে দাও হাত। এই বলে অনুপম শুরু করেন, ‘বাড়িয়ে দাও তোমার হাত’, দর্শকও চিৎকার করে তার সঙ্গে গাইতে থাকেন গানটি। গান শুনতে শুনতে মন্ত্রমুগ্ধ হয়ে ভাসতে থাকেন সুরের আকাশে। ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি গাওয়ার সময় মিলনায়তনে হাজারও দর্শকের মুঠোফোনের আলো যেন চাঁদনী রাতের আবহ তৈরি হয়।

পুরো কনসার্টের শেষ চমক ছিলেন অর্ণবের গান। শুরু করেন ‘হারিয়ে গিয়েছি’। পরে ‘তোমার জন্য’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মাঝে মাঝে তব দেখা পাই’ গানটি অর্ণবের কণ্ঠে যেন অন্য মাত্রা পায়। পরে একে একে অর্ণব শোনান ‘সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর’, ‘সে যে বসে আছে একা একা’ গানগুলো। মহী‌নের ঘোড়াগু‌লি ব্যান্ড‌কে ট্রি‌বিউট ক‌রে ‘ভে‌বে দে‌খেছ কী’ গেয়ে কনসার্টের শেষ করেন অর্ণব।