লিমন আহমেদের ‘বড় মেয়ে’ অবমুক্ত

সম্প্রতি নিজের লুক নিয়ে নতুনভাবেই যেন আলোচ্য রুনা খান। তাই এই নতুন রুনা খানের কোন কাজটি আসছে তা নিয়েও কৌতুহল অনেক।

গেল ঈদে কিংবদন্তী নির্মাতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে বড় মেয়ে নাটকটি। এতে নাম ভূমিকায় ছিলেন রুনা খান। পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে লিমন আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহাজাদা ইসলাম শায়খ। নাটকটির প্লট-গল্প ও অভিনয় নেটিজেনদের মাঝে প্রশংসিত হয়েছে। বিশেষ করে ইউটিউব ভিত্তিক একাধিক নাটকে অশ্লীলতার চূড়ান্তকরণের এই সময়ে এমন ক্ল্যাসিক একটি প্লট নিয়ে তৈরি কাজ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। 

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, দারুণ একটি গল্পে কাজ করছি। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড় মেয়েদের যে স্যাক্রিফাইস, মমতা সেই চিত্র এ নাটকে ফুটে উঠেছে। পাশাপাশি উঠে এসেছে সব ত্যাগ করে সংসার আগলে রাখা বড় মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প। কিছু কাজের ক্ষেত্রে মাধ্যম বা কোন ধারার কাজ সেটি বিবেচ্য হয়ে ওঠে না। বিবেচ্য হয় গল্পটা। এই কাজটি তেমন।

নাট্যকার লিমন আহমেদ বলেন, বহু বছর আগে ঋত্বিক ঘটক মেঘে ঢাকা তারা নির্মাণ করেছিলেন। সে সিনেমায় সংসারের প্রতি নীতু চরিত্রের যে মমতা, ত্যাগ তা আজও নানা সংসারে চলমান। আবার নীতুর মতো অনেকেই পারিবারিক অকৃতজ্ঞতার শিকার হচ্ছে। এই অকৃতজ্ঞতার দেয়াল ভেঙে আমরা যেন পরিবারের দায়িত্বশীল মানুষটির প্রতি যত্নবান হই তারই বার্তা দেওয়ার চেষ্টা করেছি বড় মেয়ে নাটকটিতে।

পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে ৭ জুলাই নাটকটি অবমুক্ত হয়। এ নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। আরও আছেন নাদের চৌধুরী, সাইফুদ্দিন সিয়াম, জারা জয়া, মিথুন আহমেদ, সাজন প্রমুখ।