ভারতে ভোট, হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গে  গ্রাম পঞ্চায়েত নির্বাচনের  উপলক্ষে  শনিবার (৮ জুলাই) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে  আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 

তবে  দু’দেশের মধ্যে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন  বলেন,  শনিবার ভারতের পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত এদিন আমদানি- রপ্তানি পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। আগামী  রোববার (৯ জুলাই) থেকে এই বন্দর দিয়ে পুনরায় পুরোদমে দ্বি-পাক্ষিক বাণিজ্য শুরু হবে।

ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি  দিলীপ সরকার একপত্রের মাধ্যমে বিষয়টি আমাদের জানিয়েছেন।


Hilli Port (1)

তিনি বলেন, নির্বাচনের কারণে দু’দেশের মধ্যে আমদানি  ও রপ্তানি বন্ধ থাকলেও সকাল থেকে বন্দরের বেসরকারি  অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে (পানামা ওয়্যারহাউজ) অবস্থান করা আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস কার্যক্রম চলছে। এছাড়া ওই সকল পণ্য বাংলাদেশি ট্রাকে বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আমাদের অফিসে সকল কাজকর্ম স্বাভাবিক আছে। আমরা আমদানিকৃত পণ্যের ট্যাক্স নিয়ে খালাস কার্যক্রম সম্পন্ন করছি। শুধু বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আনা- নেওয়া বন্ধ রয়েছে।