নরসিংদীর শিবপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে নাহিদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (৯ জুলাই) দুপুরে উপজেলার তাতারকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ উপজেলার হরিহরদী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং তাতারকান্দী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
নিহতের পরিবারের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের জন্য নাহিদ কলেজে যায়। এ সময় পূর্ব শত্রুতার জেরে এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুল নামে কয়েকজন তাকে ধাওয়া করে।
এ সময় তারা নাহিদকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন বলেন, নিহত নাহিদের সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরোধ ছিল বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।