সেন্ট্রাল হাসপাতালে প্রসূতির মৃত্যু

গ্রেপ্তার হওয়া চিকিৎসকদের মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন

রংপুরে চিকিৎসকদের নিপীড়ন বন্ধ ও রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের ডা. মিলি, ডা. মুনা ও ডা. শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন অবস্টেট্রিক্যাল গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। রোববার (৯ জুলাই) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ২৪ ঘণ্টাই ঝুঁকি নিয়ে কাজ করি। সেবা দিতে গিয়ে দুর্ঘটনা হতেই পারে। যদি চিকিৎসকের অবহেলা থাকে আইনানুযায়ী তদন্ত করে তার বিচার হবে। কিন্তু তদন্ত ছাড়া চিকিৎসকদের গ্রেপ্তারের কোনো যুক্তি নেই। তাই আমরা এর একটা সুরাহা চাই। গ্রেপ্তারকৃতদের মুক্তি দিয়ে সুষ্ঠু তদন্ত করে যে প্রকৃত দোষী তাকে শাস্তির আওতায় আনা হোক, হয়রানি ও আতঙ্ক সৃষ্টি করে চিকিৎসা সেবা ব্যাহত করা হলে আমরা তা মেনে নেব না।

ওজিএসবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রফেসর ডা. শাহী ফারজানা তাসনিম বলেন, গাইনোকোলজি চিকিৎসকেরা ২৪ ঘণ্টা সেবা দেয়। তারা সেখানে গিয়েছিল রোগীকে বাঁচাতে, খুন করতে নয়। তারপরও সেখানে যেহেতু মা-সন্তান দুজনই মারা গেছেন, আমরা এ ঘটনায় সমবেদনা জানাই। পাশাপাশি বলতে চাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হোক। 

মানববন্ধনে অংশ নেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. আজিজুল হক, গাইনোলোজি বিভাগের প্রধান প্রফেসর ডা. শারমিন সুলতানা লাকী, অবস্টেট্রিক্যাল গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) রংপুর শাখার সহসভাপতি প্রফেসর ডা. আনিসা বেগম।