নেত্রকোনায় বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী বাবা-ছেলের মৃত্যু ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার সদর উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের শাহবাজপুরের কামারউড়া গ্রামের আবুল হাশেম (৪৫) ও তার ছেলে বনি আমিন (১২)।
জানা যায়, রোববার বিকালে আবুল হাশেম তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে ময়মনসিংহ থেকে সিএনজিযোগে নেত্রকোনার আটপাড়া উপজেলায় খালু শ্বশুরের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। সিএনজিটি সদর উপজেলার সাকুয়া বাজারে পৌঁছালে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বনি আমিনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে আবুল হাশেম মারা যান।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।