গতকাল সন্ধ্যায় ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ম্যাজিক ফেডারেশন আয়োজিত জাতীয় জাদু উৎসব-২০২৩। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
এবারের উত্সবে অন্যান্যদের পাশাপাশি দেশের জাদুশিল্পী আলীরাজের চোখ ধাঁধানো ম্যাজিক অ্যান্ড ইলুশন শো নজরকাড়ে উপস্থিত দর্শককে।
উত্সবে আলীরাজ ভিন্ন আঙ্গিকে বেশ কয়েকটি অভিনব জাদু উপহার দেন। আলীরাজ ছাড়াও উত্সবে বিভিন্ন জেলা থেকে আগত প্রতিভাবান জাদুশিল্পীরা তাদের জাদু নৈপূণ্য প্রদর্শন করেন।
জাতীয় জাদু উত্সবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদ, লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মোহাম্মদ নাছির উদ্দিন, প্রধান পৃষ্ঠপোষক ম্যাজিক ফেডারেশন, ম্যাজিক ফেডারেশনের সভাপতি জাদুশিল্পী মো. মোয়াজ্জেম হোসেন নান্নু, রবিন খান, আহবায়ক, শিকদার আব্দুস সালামসহ অনেকে।