চলে গেলেন ব্যালন ডি’অর জয়ী স্প্যানিশ কিংবদন্তি লুইস সুয়ারেজ

‘মাঠে নেমে বল নিজের দখলে আসার পর যদি কী করবে বুঝতে না পার, তাহলে দ্রুতই বল লুইস সুয়ারেজকে দিয়ে দাও।’ স্পেনের ১৯৬৪ ইউরোপিয়ান নেশন্স কাপ (বর্তমানে ইউরো চ্যাম্পিয়নশিপ) জয়ী কিংবদন্তি লুইস সুয়ারেজকে নিয়ে এই কথাটাই প্রচলন হয়ে গিয়েছিল ফুটবল দুনিয়ায়। এই বাক্যটিই প্রমাণ করে একজন ফুটবলার হিসেবে নিজেকে কোন উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিলেন লুইস সুয়ারেজ। স্পেনে জন্ম নেওয়া একমাত্র স্প্যানিশ হিসেবে ব্যালন ডি’অর জেতা সেই কিংবদন্তি লুইস সুয়ারেজ আর নেই। গতকাল রোববার (৯ জুলাই) তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

জন্ম স্পেনে হলেও তিনি মারা গেছেন ইতালির মিলানে। মিলান শহরের অন্যতম ক্লাব ইন্টার মিলান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পেশাদার ক্যারিয়ারের বড় অংশটাই তিনি কাটিয়েছিলেন ইন্টার মিলানে। ইতালিয়ান ক্লাবটিকে তিনি তিন বার ইতালিয়ান সিরি'আ এবং দুই বার ইউরোপিয়ান কাপ (বর্তমানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) জিতিয়েছিলেন। তবে ইন্টার মিলানের হয়ে নয়, ক্যারিয়ার একমাত্র ব্যালন ডি’অরটা লুই সুয়ারেজ জিতেছিলেন বার্সেলোনায় থাকতে, ১৯৬০ সালে। এখনো পর্যন্ত স্পেনে জন্ম নেওয়া কোনো স্প্যানিশ ফুটবলারের ব্যালন ডি’অর জয়ের একমাত্র কীর্তি হয়ে আছে সেটিই। তিনি ছাড়াও স্প্যানিশ হিসেবে দুই বার ব্যালন ডি’অর জিতেছেন আলফ্রেডো ডি স্টেফানো। তবে স্টেফানোর জন্ম আর্জেন্টিনায়। পরে জাতীয়তা বদলে তিনি স্প্যানিশ বনে গিয়েছিলেন।

১৯৩৫ সালে জন্ম নেওয়া স্পেনের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লুই সুয়ারেজ শীর্ষ পর্যায়ের ফুটবলে শুরুটা করেছিলেন স্বদেশি ক্লাব দেপোর্তিভো লা করুনার হয়ে, ১৯৫৩-৫৪ মৌসুমে। এরপর সিডি কন্ডাল হয়ে ১৯৫৫ সালে যোগ দেন বার্সেলোনায়। কাতালন ক্লাবটিতে ছয় বছর কাটিয়ে ১৯৬১ সালে আক্রমণাত্মক মিডফিল্ডার লুইস সুয়ারেজ পাড়ি জমান ইন্টার মিলানে। ইতালির ক্লাবটির হয়ে খেলেছেন ৯ বছর। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর নাম লেখান কোচিংয়ে। তার কোচিংয়েই স্পেন জাতীয় দল খেলতে গিয়েছিল ১৯৯০ ইতালি বিশ্বকাপে।