সিংড়ায় স্কুল শিক্ষিকার পথ আটকে স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ

নাটোরের সিংড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার পথ আটকে নগদ টাকাসহ পার্স ও স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ জুলাই ) সকাল ৮ টার দিকে সিংড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই শিক্ষিকার নাম দিপালী খাতুন। তিনি সিংড়া উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এ ঘটনায় সিংড়া থানায় জিডি করেছেন তিনি। 
 
ভুক্তভোগী স্কুল শিক্ষিকা বলেন, ‘চাঁদপুরের অগ্রণী ব্যাংক সংলগ্ন ভাড়া বাসা থেকে প্রতিদিনের মতো সকাল ৮ টায় স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফের বাসার কাছে গেলে ২৮-৩০ বছরের একটি যুবক আমার পথরোধ করে। এ সময় আমার পার্সে থাকা পনের শত টাকাসহ ১৮ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় আমি সিংড়া থানায় জিডি করেছি।’

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানায়, ওই শিক্ষিকার চিৎকার শুনে আমরা ছিনতাইকারীর পিছু ধাওয়া করলে সে পালিয়ে যায়। 

সিংড়া থানার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের কাছে জিজ্ঞাসা করে তথ্য নিয়েছি। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষিকা থানায় একটি জিডি করেছেন।’