কক্সবাজারের টেকনাফে পাচারকালে বিজিবি সদস্যদের দেখে সোয়া চার কেজি আইস ফেলে পালিয়ে গেছে পাচারকারীরা। সোমবার (১০ জুলাই) সকালে উপজেলার নাইট্যংপাড়া বরফকল এলাকা থেকে এগুলো জব্দ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সোমবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল নাইট্যংপাড়া বরফকল এলাকার কেওড়া বাগান ও বেড়িবাঁধে অবস্থান নেয়। এ সময় দুইজন ব্যক্তি একটি বস্তা নিয়ে নাফ নদী পার হওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় দাঁড়াতে বলা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। জব্দকৃত আইসগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে।