সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (১০ জুলাই) রাত ১২টার দিকে খৈইয়াছড়া ঝর্ণা এলাকায় এ হামলার ঘটনায় আহত জাহেদ ইকবাল চৌধুরী (৫১) উপজেলার ১২নম্বার খৈইয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

আহত জাহেদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি দু’বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া তার বাবাও একই ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন।

তার ছোট ভাই আসিফ ইকবাল চোধুরী বলেন, রাতে ভাইয়া (জাহেদ চেয়ারম্যান) খৈইয়াছড়া ঝর্ণা এলাকায় তার বাঙ্গলোতে একা ছিলেন। প্রায় সময় তিনি বাঙ্গলোতে থাকেন। সোমবার রাতে দুর্বৃত্তরা তার ওপর হামলা করেন। এতে করে মাথায়, গলায়, চোখে ও পায়ে মারাত্মক জখম হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। ভাইয়া সুস্থ হলে হামলার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, জাহেদ ইকবাল চৌধুরীর ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।