মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং

‘বাংলাদেশে কোনো একটি দল নয়, গণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থন করে যুক্তরাষ্ট্র’

বাংলাদেশে কোনো একক রাজনৈতিক দলকে নয়, বরং প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার (১০ জুলাই) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। তার এ ব্রিফিং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এমন অবস্থানকে অন্য দেশের প্রতি হস্তক্ষেপ বলে সমালোচনা করেছে রাশিয়া, চীন ও ইরান।’ এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাওয়ায় কেউ সমালোচনা কেন করবে, এটাই আমি জানি না। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেও বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রও এটাই চায়।’

ম্যাথু মিলার।

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ওয়াশিংটনের আহ্বানকে 'একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপের আরেকটি প্রচেষ্টা' বলে গত সপ্তাহে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এর জবাবে মিলার বলেন, 'ওয়াশিংটন কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করে না, প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে।'