বরগুনার বামনায় কারাগার থেকে বিআরটিসি বাসে করে যশোর সংশোধন কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে মাহমুদ হাসান (১৬) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার তুলতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
তিন ঘণ্টা পর উপজেলার নিজামতলী এলাকা থেকে পলাতক আসামিকে আটক করা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআই ও দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।
পলাতক আসামি মাহমুদ বামনা উপজেলার আমতলী গ্রামের স্বপন বেপারীর ছেলে। অপরদিকে, ক্লোজ পুলিশ সদস্যরা হলেন এসআই মো. মাহবুব আলম, কনস্টেবল প্রণব ও মো. আবু নাঈম।
জানা যায়, মঙ্গলবার সকালে কারাগার থেকে মাদক মামলার আসামি জনি (১৬) ও মাহমুদ হাসানকে (১৬) বরগুনা জেলা কারাগার থেকে এসআই মাহবুব আলম (নিরস্ত্র) ও কনস্টেবল প্রণব বাসে করে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে নিয়ে যাচ্ছিল। পরে তুলতলা বাসস্ট্যান্ড থেকে যাত্রী উঠা-নামার সময় আসামি মাহমুদ বাসের জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আসামির নিজ গ্রাম থেকে তিন ঘণ্টা পর আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসামি কিশোর না হওয়ায় তাদের হাতে হ্যান্ডকাফ ছিল না। ফলে পালিয়ে যেতে সক্ষম হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোজাম্মেল হোসেন বলেন, পালিয়ে যাওয়া আসামি মাহমুদকে অল্প সময়ের মধ্যে আটক করতে সক্ষম হয়েছি। দায়িত্বে অবহেলার জন্য তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।