মহিলা সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে ফাইনালে হেরেছিল নেপাল। সেই নেপাল ঢাকায় এসেছে। তাদের মূল টার্গেট হচ্ছে ফাইনালে হারের প্রতিশোধ নেওয়া। ঢাকায় আসার আগে বাংলাদেশের মহিলা ফুটবলারদের সঙ্গে কথা হয়েছে নেপালের একাধিক ফুটবলারের মধ্যে।
সাফে যে দলটা খেলেছিল, তারাই আবার ঢাকায় এসেছে। সাফের পর নেপাল এখন পর্যন্ত ৬-৭টা ম্যাচ খেলেছে বলে জানিয়েছেন সাবিনাদের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। তিনি নেপালের ম্যাচের ভিডিও দেখেছেন। আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
নেপালের গোলকিপারসহ একাধিক ফুটবলার সুইজারল্যান্ডে খেলেছেন। নেপালের গোলকিপার অঞ্জনা মাগার এর আগেও ঢাকায় খেলেছেন। কমলাপুর স্টেডিয়ামে তার খেলায় দর্শক মুগ্ধ হয়েছেন। এছাড়া নেপাল দলের একাধিক ফুটবলার ভারতের লিগে খেলেছেন। বিশেষ করে সাবিত্রি ভান্ডারি দলের মূল স্ট্রাইকার। তিনি ভারতের লিগে খেলে ৩৬ গোল করেছেন। নেপালের বড় অস্ত্র সাবিত্রি। তার পারফরম্যান্স চোখে পড়ার মতো বলে মনে করছেন লিটু। গতকাল দুপুরে ঢাকায় এসেছে নেপাল ফুটবল দল। উঠেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। একই হোটেলে আজ উঠবেন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়েরা।