রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে সাভারে ব্যাপক পুলিশি তল্লাশি চলছে। এতে যাত্রীবাহী পরিবহনগুলোকে রাজধানীতে প্রবেশ করতে না দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে পুলিশ বলছে, নিরাপত্তাজনিত কারণেই ঢাকার প্রবেশমুখগুলোতে পুলিশি কার্যক্রম চলছে।
বুধবার (১২ জুলাই) সকালে ১০টার দিকে এ তথ্য জানা গেছে। সাভার থেকে রাজধানীতে প্রবেশের সব কয়টি পথে চেকপোস্ট বসিয়ে দেওয়া হয়েছে ও তল্লাশি করা হচ্ছে যাত্রীদের।
সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, বাসগুলোকে ঢাকায় ঢুকতে না দেওয়ায় আমিনবাজার থেকেই ফিরে যেতে হচ্ছে। অনেকে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও না পেয়ে অবশেষে হেঁটেই রওনা হয়েছেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহ বলেন, ঢাকার আদালত চত্বর থেকে দুইজন জঙ্গি পালিয়েছিল তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই।