শেখ হাসিনার উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিষয় একটাই, আপনি নিজে দিনক্ষণ ঠিক করে পদত্যাগ করবেন, নাকি আমরা দিনক্ষণ ঠিক করে দেব? আপনাকে যেতেই হবে। যাওয়ার কোনো বিকল্প নাই। আর যাবেন কোথায়, ভারত কিন্তু অলরেডি আপনাকে মেসেজ দিয়েছে, আপনি এটা বুঝতে পারছেন তারা আর আপনার সঙ্গে নাই। আমেরিকা আপনার সঙ্গে নাই, ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে নাই। আপনার সঙ্গে আছেটা কে?
বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আপনি ইলেকশন করবেন কী? আপনি নিজেই তো দাঁড়াতে পারবেন না। আপনার অধীনে কোনো ইলেকশন হবে না এই দেশে। আপনি বিএনপিকে এখনো ভালো করে বুঝতে পারেন নাই, ছাত্রদলকে চিনতে পারেন নাই, যুবদলকে এখনো পরিমাপ করতে পারেন নাই, অন্য সংগঠনকে পরিমাপ করতে পারেন নাই। এরা খুব শান্তভাবে থাকে, কিন্তু একবার যদি জেগে ওঠে- এরশাদ থাকতে পারেন নাই, আপনিও থাকতে পারবেন না।
শামসুজ্জামান দুদু বলেন, এই সরকার বাংলাদেশকে লুটপাটের রাজত্ব বানিয়েছে। এই সরকারে আর এক মুহূর্ত ক্ষমতায় রাখা যায় না, যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশকে আপনি খুনের রাজত্ব বানিয়েছেন। আমাদের ইলিয়াস আলীকে ফেরত দেন, ৬৬৭ জনকে গুম করেছেন, হাজার হাজার মানুষকে মেরেছেন। তাদেরকে ফেরত দেন, না হলে আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে, হতে হবে, হতে হবে।
আজ দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ শুরু হয়। সমাবেশের জন্য কার্যালয়ের সামনের রাস্তায় ছয়টি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। চলমান সমাবেশ থেকে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি।