নাটোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পিটিয়ে মো. কালাম (৪০) নামে এক কলাচাষিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার কাফুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত কালাম কাফুরিয়া গ্রামের রিফিউজি পাড়া এলাকার জনৈক আব্দুর রাজ্জাক কানুর ছেলে। অভিযুক্ত কামাল হোসেন একই গ্রামের পশ্চিম পাড়া এলাকার শুকচানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রমজান মাসে কাফুরিয়া বাজারের কলা ব্যবসায়ী কামাল হোসেন একই এলাকার কলাচাষি মো. কালামের কাছ থেকে ২ লাখ টাকার কলা কিনে। কলা কেনার পর কামাল হোসেন টাকা পরিশোধ করতে টালবাহানা শুরু করে। ঘটনার দিন বুধবার সকাল ৭টার দিকে কামালের সঙ্গে দেখা হলে কালাম তার পাওনা টাকা চায়। এনিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে কামাল হোসেন কলাচাষি কালামকে বেদম মারপিট করে। এতে ঘটনাস্থলেই কালাম মারা যান। পরে কামাল হোসেন দৌড়ে পালিয়ে যায়।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলাচাষি কালামের মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এব্যাপারে সদর থানায় মামলা দায়ের হয়েছে।