ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজ উপমহাদেশের ফুটবলে মাথা উঁচু করে রাখার কথা ছিল বাংলাদেশ মহিলা ফুটবল দলের। গত বছরের সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হয়ে পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিলেন সাবিনা খাতুন, সানজিদা খাতুন, মারিয়া মান্ডা, কৃষ্ণা রাণী, রূপনা চাকমা, সিরাত জাহান স্বপ্না, আখি খাতুনরা। কাগজে-কলমে এখনো বাংলাদেশের হাতেই ট্রফি। তবে যারা মাঠের যোদ্ধা, তারা কি এখন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন? দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের নানা ঘটনায় হিসাবটা অঙ্কে মেলানো যাচ্ছে না। সাবিনাদেরও মাথা উঁচু করার মতো পরিস্থিতি নেই।
১০ মাস ২৪ দিন আগের কথা। ট্রফি নিয়ে ফেরা বাংলার মহিলা ফুটবলাররা দেশ জুড়ে আনন্দের ঢেউ দিয়েও আজ যেন ম্লান হয়ে গেছেন। মনের আঙিনায় প্রশান্তি নেই। যে প্রাঞ্জল মুখগুলো কোটি কোটি ফুটবলপ্রেমীর সামনে দাঁড়িয়ে ছিল, তা যেন হারিয়ে গেছে। ইতিহাস সৃষ্টি করে সাফ জয় করা বাংলাদেশের মহিলা ফুটবল ক্যাম্পের অন্দরমহলে উচ্ছ্বাস নেই। ৩২৮ দিন পর বাংলাদেশ মহিলা ফুটবল দল আজ আবার আন্তর্জাতিক ফুটবলে খেলতে নামছে। কোচ গোলাম রাব্বানী ছোটন পদত্যাগ করার পর এখন ছোটনের সহকারী মাহবুবুর রহমান লিটু সাবিনাদের হাল ধরেছেন। আজ ও রবিবার নেপালের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজে হেড কোচের দায়িত্ব পালন করবেন। কাল সংবাদ সম্মেলনে লিটু বলেন, ‘প্রতি পরিবারে একটা দুঃসময় থাকে। আমরা কাটিয়ে উঠতে চেষ্টা করছি। আমি কোচ হিসেবে খেলোয়াড়দের এক সুতায় বাঁধার চেষ্টা করছি।’ অধিনায়ক সাবিনা খাতুনের কথা হচ্ছে, ‘বর্তমান পরিস্থিতি খুব একটা খারাপও না। বর্তমানে কয়েক জন ফুটবলার নেই। একটা ডিফিকাল্টিজ থাকবে। নেপাল চাইবে সেই সুযোগটা নিতে।’
সাফে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপালকে হারিয়ে প্রথমবার ট্রফি জয় করেছিল বাংলাদেশ। এরপর আর আন্তর্জাতিক ম্যাচ না খেললেও অন্যান্য দেশ ঠিকই খেলেছে। তারা নিজেদের ঘরে রেখে দেয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মহিলা ফুটবল দলের জন্য আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে চাইলেও সিঙ্গাপুরসহ একাধিক দেশ রাজি হয়েও পিছিয়ে গিয়েছিল। সাফের দেশগুলো আসতে রাজি হয়নি কারণ হতে পারে, তারা বাংলাদেশের বিপক্ষে হেরেছে। এত স্বল্প সময়ের মধ্যে খেলতে রাজি না-ও হতে পারে। বাংলাদেশের বিপক্ষে খেলতে না এলেও ভারত, নেপাল, পাকিস্তান বসে ছিল না। তারা অন্যান্য দেশের বিপক্ষে খেলেছে। বসে ছিল বাংলাদেশ। সেই অলস সময় শেষ করার দিন এসেছে আজ। নেপালের বিপক্ষে বাংলাদেশ ফিফা প্রীতি ম্যাচ খেলবে কমলাপুর স্টেডিয়ামে। খেলা শুরু হবে বিকাল সাড়ে ৫টায়।
এই নেপালের বিপক্ষে সাফের ফাইনালে ৩-১ গোলে জয় পেয়েছিল। কিন্তু এই নেপাল সেই নেপাল নয়। সাফের ফাইনালে নেপালের দুজন গুরুত্বপূর্ণ ফুটবলার সাবিত্রী ভান্ডারি ও প্রীতি রায় খেলতে পারেননি। তারা নেপাল দলের অস্ত্র। একজন অসুস্থ, অন্যজন ইনজুরিতে ছিলেন। এবার তারা ঢাকায় এসেছেন। সাবিনাদের শক্তির পরীক্ষা নিতে চায় নেপাল। কীভাবে সেদিন বাংলাদেশ হারিয়েছিল নেপালকে, সেটা দেখার সুযোগ পেয়েছে নেপাল। তাদের সাবিত্রী আক্রমণভাগের নির্ভরতা। পূর্ণ শক্তি নিয়ে আসা নেপাল এরই মধ্যে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। অন্যদিকে বাংলাদেশ নিজেদের মধ্যে ম্যাচ খেলেছে।