ইউক্রেনের বিরুদ্ধে আগামী ৯ সেপ্টেম্বর পোল্যান্ডে ২০২৪ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ খেলবে ইংল্যান্ড।
ইউক্রেনিয়ান অ্যাসোসিয়শেন অব ফুটবল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ম্যাচটি পোল্যান্ডের ঐতিহাসিক শহর রোক্লর ৪৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন টারসিজিনিস্কি অ্যারেনাতে অনুষ্ঠিত হবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ান আগ্রাসনের কারণে ইউক্রেনের হোম ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত হচ্ছে। গত বছর নেশন্স লিগে ইউক্রেনের হোম ম্যাচগুলো পোল্যান্ডে অনুষ্ঠিত হয়।
অতি সম্প্রতি গত মাসে মাল্টার বিরুদ্ধে ইউক্রেনের বাছাইপর্বের একটি ম্যাচ স্লোভাকিয়ার ট্রানাভাতে অনুষ্ঠিত হয়েছে।
এ পর্যন্ত ইউরো বাছাইপর্বে ইংল্যান্ড দারুণভাবে এগিয়ে চলেছে। গ্রুপ-সি’র সবগুলো ম্যাচেই তারা জয় তুলে নিয়েছে। গ্যারেথ সাউথগেটের দল প্রথম ম্যাচে ইতালিকে ২-১ গোলে হারায়। এরপর মার্চে আরেক ম্যাচে ওয়েম্বলিতে ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলে জেতে। থ্রি লায়ন্সরা গত মাসে মাল্টা ও নর্থ মেসিডোনিয়ার বিরুদ্ধেও বড় জয় তুলে নিয়েছে।