দুদকের দায়ের করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেমের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে এদিন দুদকের পক্ষে অভিযোগ গঠন পেছানোর জন্য সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
অপরদিকে, হুমায়ুন খাদেমের পক্ষে অ্যাডভোকেট শফিকুল ইসলাম স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এদিন তাকে স্ট্রেচারে করে বাসা থেকে আদালতে নিয়ে আসা হয়।
এর আগে, রাজধানীর গুলশান এলাকার ৪৮ দশমিক ৬০ শতাংশ সরকারি সম্পত্তি ব্যক্তির নামে বরাদ্দ দেওয়ার অভিযোগে ২০১৮ সালের ২৯ জানুয়ারি আটজনকে আসামি করে মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপপরিচালক সেলিনা আখতার।