সাতক্ষীরার তালায় নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আকাশ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার নগরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত আকাশ হোসেন তালার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের শফিয়ার রহমানের ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নৃত্যশিল্পী সাতক্ষীরা শহরের একটি ভাড়া বাসায় থাকতেন। সেই সুবাধে নগরঘাটা এলাকার আকাশের সঙ্গে কিছুদিন আগে পরিচয় হয়। রোববার বিকালে ভুক্তভোগীকে নাচের অনুষ্ঠান আছে বলে মুঠোফোনে প্রস্তাব দেয় আকাশ। পরে তার কথামত ঘটনাস্থলে গেলে আকাশসহ দুই যুবক একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে কয়েকদিন ধরে ওই ভিডিও দিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে আসছিল। একপর্যায়ে বুধবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে পাটকেলঘাটা থানায় মামলা করেন।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, এই ঘটনায় ভুক্তভোগী নারী মামলা করেছে। বৃহস্পতিবার আসামি আকাশ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।