যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন তার পুরনো আইফোনের পাসওয়ার্ড ভুলে গেছেন। এর ফলে কোভিড-১৯ সংক্রান্ত সরকারি এক তদন্তের জন্য ফোনে থাকা তথ্য সরবরাহ করতে পারেননি তিনি। সূত্রের বরাতে ব্রিটিশ জাতীয় দৈনিক দ্য টাইমস এ তথ্য জানিয়েছে।
সংবাদপত্রটি জানিয়েছে, ২০২১ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন জনসন আইফোনটি ব্যবহার করলেও পাসওয়ার্ড মনে রাখতে পারছেন না। তবে সাবেক এই প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি বলেছেন, তিনি তথ্য হস্তান্তর করতে আগ্রহী।
বরিস জনসনের প্রতিনিধি দ্য গার্ডিয়ানকে বলেন, আগেই বলা হয়েছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন জনসন। সরকারি তদন্তের স্বার্থে তিনি যে কোনো প্রাসঙ্গিক তথ্য দিয়ে সহায়তা করতে চান।
যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিস জানিয়েছে, পাসওয়ার্ডটি কোথাও রেকর্ডে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে জনসনের পুরানো আইফোনটিতে বারবার পাসওয়ার্ড প্রবেশ করালে স্বয়ংক্রিয়ভাবে তথ্য মুছে যাওয়ার ঝুঁকি রয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে তথ্য হস্তান্তরের জন্য হাইকোর্টের আদেশ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল।
জনসনের হোয়াটসঅ্যাপ মেসেজে কোভিড সম্পর্কিত যুক্তরাজ্যের নানা নীতির পাশাপাশি ২০২০ সালে আরোপিত লকডাউন নিয়ে নানা আলোচনার তথ্য রয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে অন্যান্য তথ্যও চেয়েছেন। এর মধ্যে আছে, বরিস কীভাবে তার ডাউনিং স্ট্রিট অ্যাপার্টমেন্টের সংস্কারের জন্য ২০০০ পাউন্ড অর্থায়ন করেছিলেন।