ওয়ানডে সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ (শুক্রবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানরা। তবে একপাশ আগলে রাখেন মোহাম্মদ নবি।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকে দুই রান সংগ্রহ করে আফগানরা। ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশের পক্ষে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ। ওভারের দ্বিতীয় বলে রহমানুল্লাঘ গুরবাজের ক্যাচ ফেলে দেন রনি তালুকদার। ভালো চেষ্টা করেও ক্যাচ তালু বন্দি করতে ব্যর্থ হন তিনি। ওভারের শেষ বলে ছক্কা হাঁকান জিবন পাওয়া গুরবাজ। দুই ওভার শেষে ১০ রান সংগ্রহ করে আফগানিস্তান।
এরপর তৃতীয় ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান হযরতুল্লাহ জাজাই। তবে দ্বিতীয় বলেই আউট হন তিনি। নাসুমের বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ১০ বলে ৮ রান করে আউট হন এই ওপেনার।
এরপর ক্রিজে আসেন ইব্রাহিম জাদরান। তৃতীয় ওভার থেকে ১১ রান সংগ্রহ করে আফগানিস্তান। চতুর্থ ওভারে ফের বোলিংয়ে আসেন তাসকিন। ওভারের চতুর্থ বলে গুরবাজকে আউট করেন তাসকিন। উড়িয়ে মারা বলে স্কয়ার লেগে থাকা মেহেদি মিরাজের হাতে ধরে পড়েন তিনি। ১১ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান গুরবাজ।
ওভারের পঞ্চম বলে বোলিংয়ে এসেই উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। ওভারের চতুর্থ বলে ইব্রাহিমকে সাজঘরে ফেরান এই পেসার। শেষ পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
এরপর মোহাম্মদন নবি ও জানাত করিম মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে ব্যর্থ হয় তারা। ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে করিম জানতকে আউট করেন সাকিব। দলীয় ৫২ রানে ৯ বলে ৩ রান করে আউট হন তিনি।
এরপর ক্রিজে আসা নাজিবুল্লাহ জাদরানকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন নবি। দুজনে মিলে ৩৫ রানের জুটি গড়েন। তবে দলীয় ৮৭ রানে নাজিবুল্লার উইকেট হারায় আফগানিস্তান। মেহেদি মিরাজের বলে দারুণ এক ক্যাচে নাজিবুল্লাহকে সাজঘরে ফেরান লিটন। ২৩ বলে ২৩ রান করে আউট হন তিনি।
এরপর ক্রিজে আসেন আজমতুল্লাহ ওমরজাই। ওমরজাইকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন নবি। ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ৩৭ বলে ৪৮ রানে অপরাজিত আছেন নবি।