দক্ষিণ কোরিয়ায় ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কমপক্ষে ২২ জন মারা গেছে এবং আরো ১৪ জন নিখোঁজ রয়েছে। হাজার হাজার লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৫ জুলাই) এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিন ধরে, ভারী বর্ষণে দেশ জুড়ে কাউন্টিগুলো নিমজ্জিত হয়েছে। স্থানীয় মিডিয়ার রিপোর্টে দেখা যাচ্ছে শনিবারের পরে মৃতের সংখ্যা বাড়তে পারে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েসানের কেন্দ্রীয় কাউন্টির ৬,৪০০ জনেরও বেশি বাসিন্দাকে শনিবার ভোরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মুষলধারে বৃষ্টিতে গোয়েসান বাঁধটি উপচে পড়ায় এবং কাছাকাছি নিচু গ্রামগুলো নিমজ্জিত হওয়ায় লোকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে কোরিয়া আবহাওয়া প্রশাসন ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত আরো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি ‘গুরুতর’ বিপদ ডেকে আনবে বলেও সতর্ক করা হয়েছে।
এতে বলা হয়েছে, শুক্রবার থেকে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। তারা বৃষ্টিজনিত ভূমিধস এবং ভবন ধসে মারা গেছেন। মন্ত্রণালয় জানায়, নিখোঁজ তিনজনের মধ্যে দু’জন উত্তর গেয়ংসাং প্রদেশে একটি নদী উপচে পড়ায় ভেসে গেছেন।