পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) শহরে মার্কেট, কমিউনিটি সেন্টার ও পার্ক তৈরি করছে, ভাড়া দিয়ে খাচ্ছে। গরিবদের কাছ থেকে কম দামে জমি কিনে বড় লোকদের কাছে বিক্রি করছে। এর মাধ্যমে শহর থেকে গরিব তাড়ানোর কাজ করছে তারা। গরিব মানুষ বাস্তুচ্যুত হয়ে এদিক-সেদিক থাকছে। রাজউক নগর উন্নয়নে কতটুকু করেছে, আর গরিব তাড়ানোর জন্য কতটুকু করেছে, সেটাই এখন চিন্তার বিষয়।
শনিবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অডিটোরিয়ামে ‘ঢাকা ডেলিরিয়াম’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের যে প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, তারা কতটুকু তা করতে পারছেন সেটাও এখন ভাবার বিষয়। আমাকে পরিকল্পনামন্ত্রী বলা হয়, কিন্তু আমি পরিকল্পনার সঙ্গে কোনোভাবেই জড়িত না। আমার আশপাশের কিছু লোক আছে, তারা পরিকল্পনা করেন। পরিকল্পনা মন্ত্রণালয়ও দেশের পরিকল্পনা সঠিকভাবে করতে পারছে না। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে পরিকল্পনা কমিশন গঠন করেছিলেন, তার কোনোটাই বাস্তবায়ন করতে পারছে না পরিকল্পনা কমিশন। রাজনীতিবিদদের নির্দেশে পরিকল্পনা করা হয়।
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, শুধু নগরায়ন করলে হবে না, অর্থনৈতিক পুনর্জাগরণ প্রয়োজন। অর্থনৈতিক সুবিধা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। তবে এ উন্নয়নের জন্য অর্থায়ন প্রয়োজন। সুন্দর নগরায়নের সুবিচার নিশ্চিত করতে হবে। সব জায়গায় সমান আইন থাকতে হবে। এজন্য নাগরিককে সচেতন হতে হবে।
ঢাকা ডেলিরিয়াম-এর লেখক স্থপতি অধ্যাপক ড. আদনান জিল্লুর মোর্শেদ বলেন, ‘শহর পরিকল্পনায় সবাইকেই অন্তর্ভুক্ত করতে হবে। কারণ এটি জটিল প্রক্রিয়া। তাই পরিকল্পনার ক্ষেত্রে দুই-চারজনকে দিয়ে মহাপরিকল্পনা করা সম্ভব নয়। টেবিলে বসে নগর পরিকল্পনা করলে হবে না, বাইরে বের হতে হবে।'