যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ওয়াশিংটনস্হ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জুলাই) ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের ব্রুকফিল্ড পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত সকল বর্ষের ও সকল বয়সের রাবিয়ানরা গল্প, গান, কবিতা ও খেলাধুলার মাধ্যমে চরম আনন্দ উল্লাসে দিনটি উপভোগ করে। রাবিয়ানদের সন্তান আমেরিকার নতুন প্রজন্মরাও বিভিন্ন ধরনের খেলাধুলাসহ এসবে মেতে থেকে নিজেরাও আনন্দ উপভোগ করে। এটিও সকলের জন্য একটি বিশেষ পাওয়া, যাতে আমাদের সন্তানরা নিজেদের শিকড়ের সঙ্গে নিয়মিত জোটবদ্ধ থেকে দেশ, দেশের মানুষদের সঙ্গে, দেশের ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত থাকে।
সকালের নাস্তা, এপিটাইজার, দুপুরের খাবার, বিভিন্ন ফলমূল, বিকালের মুড়ি-চানাচুর ও সারাদিন চা পানি শীতল পানীয়ের মাধ্যমে দিনটি উপভোগ করে। প্রায় দেড় শতাধিক রাবিয়ান দীর্ঘ এক বছর পর আবারও তাদের পরিবারসহ একসঙ্গে মিলিত হয়ে গল্প কথায় বিশ্ববিদ্যালয়ের সবুজ বিপ্লবী মতিহার চত্বরের বিভিন্ন স্মৃতি রোমন্থনের মাধ্যমে নষ্টালজিয়ায় পতিত হয়েছিলেন। বেশকজন শিক্ষকসহ ১৯৭০-৭১ সালের রাবিয়ান থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তরুণ যারা পড়াশুনার জন্যে এসেছেন তারাও এতে শামিল হয়েছেন।