পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি-জেপি’র বাইসাইকেল প্রতীকের প্রার্থী মাহিবুল ইসলাম মাহিমকে বিজয়ী করতে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শনিবার (১৫ জুলাই) শহরের কলেমা চত্ত্বরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নির্বাচনী পথসভায় জনসমুদ্রে রূপ নেয়।
পথসভায় বাইসাইকেল প্রতীকের প্রার্থী মাহিবুল ইসলাম মাহিম উপস্থিত পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, ভান্ডারিয়ার নতুন প্রজন্মকে বাঁচাতে হলে বাইসাইকেলকে বিজয়ী করতে হবে। মা-বোনেরা রাস্তাঘাটে নানান হয়রানির শিকার হচ্ছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই সমাজকে বাঁচাতে হলে ভান্ডারিয়াবাসী ভুল সিদ্ধান্ত নিবেন না। যার প্রমাণ আজকের পথসভায় পৌরসভার অসংখ্য মানুষের অংশগ্রহণ। যেখানে ভান্ডারিয়ার এ নির্বাচনে সহজ সরল মানুষের মধ্যে প্রলোভন দেখিয়ে ভোট কেনার অপচেষ্টা করা হচ্ছে।
সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির জেপি’র সিনিয়র সহসভাপতি গোলাম সরোয়ার জোমাদ্দার বলেন, কোনো কিছু পাওয়ার আশায় নয় কেবল মাত্র ভালো মানুষের পাশে থাকতে আজ ভান্ডারিয়াবাসী ঐক্যবদ্ধ। কেননা দীর্ঘ ৪০ বছর জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোমেন মঞ্জু এমপি আমাদেরকে এ শিক্ষাই দিয়েছেন যে আমরা যেন কোনো কিছুর লোভে না পড়ি। আমাদের অবহেলিত এলাকা আজ উন্নত হয়েছে তার মাধ্যমে। দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার তিনি। তাই আমরা আগামীতেও আপনাদের সুখে-দুখে পাশে থাকতে চাই। টাকা দিয়ে দুই দিনের জন্য আপনাদের কিনে নিলে আপনাদেরই ক্ষতি হবে। আগামীর ভান্ডারিয়াকে উন্নয়নমুখী করতে হলে আমাদের বাইসাইকেলকে বিজয়ী করে দক্ষিণাঞ্চল উন্নয়নের রূপকার আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে আরও শক্তিশালী করতে হবে।
ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলা সভাপতি খান মো. রুস্তুম আলী বলেন, আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়াকে সারাদেশের মধ্যে মডেল হিসেবে গড়ে তুলেছেন। এ ভান্ডারিয়াতে অশান্তি ছড়িয়ে শান্তি বিনষ্টকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে। ভোটের মাধ্যমে পৌরবাসী এর জবাব দিয়ে বাইসাইকেলকে বিজয়ী করবে।
ওয়ার্কার্স পার্টির ভান্ডারিয়া উপজেলা সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদারের সঞ্চালনায় পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জাতীয় পার্টির-জেপি’র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রাজু, ভান্ডারিয়া জেপি’র সহসভাপতি ও গৌরিপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপি’র মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ওয়াহিদুজ্জামান বাচ্চু গাজী, জেপি’র বরিশাল মহানগর সাধারণ সম্পাদক জাকির হোসেন সুলতান। উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মনির সরদার, উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক খোকন শিকদার, জেপি’র ভিটাবাড়িয়া ইউপি সভাপতি রেজা আহম্মেদ দুলাল, কেন্দ্রীয় নেতা মাইনুদ্দিন আহাদ মিয়া, যুব সংহতির সাধারণ সম্পাদক মামুন সরদার, মহিলা পার্টির নেত্রী ঝুমুর কাজীসহ আরও অনেকে।
উল্লেখ্য, রোববার (১৭ জুলাই) সোমবার ইভিএম পদ্ধতিতে ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৫ সালে পৌরসভা গঠনের পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি জেপি’র বাইসাইকেল প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম, আওয়ামী লীগ এর নৌকা প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু, স্বতন্ত্র প্রার্থী এমএ রাজ্জাক রাজু, শাহাবুদ্দিন শাহ বাবুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।