‘স্মার্ট ছাত্রলীগ’ গড়ার কথা বলে বিতর্কিতদের পদায়নের অভিযোগ

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান নেতৃত্বে আসার পর পরই ভাবমূর্তি ফেরাতে ‘স্মার্ট ছাত্রলীগ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করে। বিভিন্ন বক্তব্য-বিবৃতিতেও তারা এ কথার পুনর্ব্যক্ত করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ জুলাই) ৩০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

তবে, ঘোষিত কমিটিতে দুই নেতার অঞ্চল, মাইম্যানদের প্রাধান্য, চাঁদাবাজি, সিট বাণিজ্য, শিক্ষার্থী নির্যাতন, যৌন নিপীড়ন ও ধর্ষণ, বিরোধী ছাত্রসংগঠন ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলায় অভিযুক্তদের প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠেছে। ৩০১ সদস্যের কমিটিতে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেনের উত্তরবঙ্গ ও সাধারণ সম্পাদক শেখ ইনানের বরিশাল অঞ্চল থেকে ৯৩ জন পদ দেওয়া হয়েছে। এছাড়াও নিয়ম অনুযায়ী কমিটির আগে অফিসিয়াল সিভি আহ্বান করা হয়নি বলে জানা যায়।

জানা যায়, ঘোষিত কমিটির সহসভাপতি শেখ শামীম আহম্মেদ তূর্যের বিরুদ্ধে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে রাজধানীর এক হোটেল নিয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে, এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সানোয়ার পারভেজ পুলক সাদ্দাম হোসেনের বন্ধু হওয়ার সুবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার পাশ করেও পেয়েছেন সহসভাপতি পদ। সহসভাপতি মিলন খানের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে মুরগী এনে টাকা না দিয়ে উল্টো মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আরেক সহসভাপতি সৈয়দ শরিফুল ইসলাম শপুর বিরুদ্ধে ঢাবির মাস্টারদা সূর্যসেন হলে শিক্ষার্থীকে বের করে দিয়ে নিজের কর্মীদের জোরপূর্বক কক্ষে তোলার অভিযোগ রয়েছে। এদিকে রবিন বাহাদুর লন্ডনে বসেই হয়েছেন ছাত্রলীগের সহসভাপতি।

সহসভাপতি পদ পাওয়া মো. শাহজালাল ২০২০ সালের ২২ ডিসেম্বর রাতে রোকেয়া হলের সাবেক এজিএস ও ঘোষিত কমিটির উপ-সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের অভিযোগ রয়েছে। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সহসভাপতি আল আমিন রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের সাত কলেজের 'অধিভুক্তি' বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের যৌন হেনস্তার অভিযোগ রয়েছে।

সহসভাপতি সাইফুল্লা আব্বাছী অনন্ত, কামাল উদ্দিন রানা, ও উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজার বিরুদ্ধে ২০২০ সালের ২১ জানুয়ারি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের চার শিক্ষার্থীকে রড ও লাঠি দিয়ে মারধর করে হল ছাড়া করার অভিযোগ রয়েছে। হামজার বিরুদ্ধে বিরোধী দলীয় ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা ও সংবাদ কর্মীদের ওপর মারধরের অভিযোগ রয়েছে।

ইডেন কলেজে ছাত্রীদের নির্যাতন, সিট বাণিজ্যসহ ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে অভিযুক্ত তামান্না জেসমিন রিভা সহসভাপতি ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা উপ-পাঠাগার সম্পাদক হয়েছেন।

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (হোম ইকনোমিক্স ) কলেজের সামনে থাকা লেগুনাস্ট্যান্ড ও ফুটপাতের দোকান থেকে নিয়মিত চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে কলেজ শাখা সভাপতি শারমিন সুলতানা সনি ও সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতীর বিরুদ্ধে। সনি বর্তমানে উপ-উদ্যোক্তা ও উদ্ভাবন সম্পাদক ও প্রভাতী উপ-সাহিত্য সম্পাদক মনোনীত হয়েছেন। জোরপূর্বক কক্ষ দখল ও মারধরের অভিযোগ ওঠা বদরুন্নেসা কলেজের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমন এখন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক।

২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি ক্যালকুলেটর ধার নেওয়াকে কেন্দ্র করে এহসান রফিক নামে এক শিক্ষার্থীকে মারধর করে বহিষ্কার হওয়া আরিফুল ইসলাম পেয়েছেন উপ-প্রশিক্ষণ সম্পাদক।

সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদারের বিরুদ্ধে বহিষ্কার হওয়া ছাত্রলীগের নেতা-কর্মীদের তদবির করে হলে রাখার অভিযোগ রয়েছে। শিক্ষা পাঠচক্র সম্পাদক মো. মিশাত সরকারের বিরুদ্ধে পলাশী বাজারের মালিক সমিতির কাছে ‘উপঢৌকন’ দাবির অভিযোগ রয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউনুসের বিরুদ্ধে ২০১৮ সালে ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী কলেজ ও হাবিবউল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধর, ছাত্রদল-শিবির ‘ট্যাগ’ দিয়ে শিক্ষার্থীদের মারধর করে হল ছাড়া ও বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষের কক্ষ ভাঙচুর করার অভিযোগ রয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন ও উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলামের বিরুদ্ধে ২০২২ সালের পহেলা জুলাই দাবিকৃত দেড় লাখ টাকা চাঁদা না পাওয়ায় কর্মী পাঠিয়ে লেগুনা ভাঙচুর ও মালিকদের মারধর করার অভিযোগ রয়েছে।

সাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, তানভীর শিকদার ও উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক মারিয়াম জামান সোহানের বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর ডাকসু ভবনে সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সমর্থকদের মারধরের অভিযোগ রয়েছে। এ নিয়ে ভুক্তভোগী নুর শাহবাগ থানায় অভিযোগ করেছেন।

সাংগঠনিক সম্পাদক অতনু বর্মনের বিরুদ্ধে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে বাইক চালনাকে কেন্দ্র করে সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ রয়েছে।

উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম ইয়াসির আরাফাত প্লাবনের বিরুদ্ধে গেস্টরুমে না যাওয়ায় শিপন নামে এক শিক্ষার্থীকে ‘পলিটিক্যাল রুমে’ ডেকে নিয়ে চড়-থাপ্পড় এবং মানসিকভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে।

উপ-স্কুলছাত্র বিষয়ক সম্পাদক তানজিন এ আলামিনের বিরুদ্ধে টিএসসিতে নারীদের ওয়াশরুমে ‘মদ্যপ’ অবস্থায় ঢুকে অশ্লীল অঙ্গভঙ্গি দেওয়ার অভিযোগ রয়েছে। বঙ্গবাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ থেকে ‘অব্যহতি’ পাওয়া ইমদাদুল হাসান সোহাগকে উপ-বিজ্ঞান সম্পাদক করা হয়েছে।

ঢাবি সাংবাদিক সমিতির সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাইদ ইসিয়াম পেয়েছে উপ-গণযোগাযোগ উন্নয়ন সম্পাদক, ইসিয়ামের আগে ছাত্রলীগের কোনো পদবি ছিল না। সরকারি চাকরি করেও ছাত্রলীগের সদস্য পদ পেয়েছেন জেবুন্নাহার শীলা। পশ্চিম কালিদাস পানাউল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীরেন্দ্র চন্দ্র সরকার বলেন, জেবুন্নাহার শিলা চাকরিতে আছেন। তবে তিনি এখন মেডিকেল ছুটিতে আছেন।

সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে গত ১ যুগেরও বেশি সময় ধরে জড়িত। আমি মনে করি ছাত্রলীগ হবে হৃদয় দিয়ে। সিভি দেখে কাউকে পদায়ন করা যায়না। আমরা যাদের যোগ্য মনে করেছি তাদেরকে পদায়ন করেছি। আঞ্চলিকতার প্রাধান্য পাওয়ার অভিযোগ ভিত্তিহীন।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ক্রিমিনাল অফেন্স চাঁদাবাজি ইত্যাদি বিষয়ে প্রমাণের বিষয় রয়েছে। গণমাধ্যমে তো সংবাদ আসেই। সেগুলো সত্যতা যাচাই করে প্রমাণ না পেলে কাউকে দোষী বলা যায় না।  তবে কেউ যদি আইনানুগ প্রক্রিয়ায় অপরাধী হয়, তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।