ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষ, যেখানে বাংলাদেশ সিরিজ জেতার সম্ভাবনা থাকলেও শেষ অবদি ২-১ ব্যবধানে হেরেছে। এবার পালা সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের।
আজ সিরিজের প্রথম ম্যাচে সকাল সাড়ে ৯ টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তবে এই ফরম্যাটে ভারতের বিপক্ষে স্বাগতিকদের সুখকর কোনো স্মৃতি নেই। এখন পর্যন্ত তাদের বিপক্ষে ওয়ানডে খেলেছে পাঁচটি আর ফলাফল সব গুলোতেই বাংলাদেশের পরাজয়। তবে এসবকে শুধুই অতীত ভাবছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেসব নিয়ে মাথাও ঘামাতে চান না তিনি।
গতকাল শনিবার মিরপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন টাইগ্রেস অধিনায়ক। এ সময় ওয়ানডে সিরিজে নিজেদের ফেবারিট উল্লেখ করে তিনি বলেন, ‘সেটা তো অবশ্যই (আগের দলগুলোর চেয়ে এবার ভালো)। এক হচ্ছে ঘরের মাঠে খেলা। আরেকটা হলো শেষ ম্যাচ জেতার কারণে পুরো দল ইতিবাচক হয়ে আছে। সবাই অনেক বেশি বুস্টআপ একটা এনার্জিতে আছে। এখন সংস্করণ বদল হোক বা যাই হোক, আমি (ওয়ানডেতে) আমাদেরই এগিয়ে রাখব।’
‘আমরা যদি কালকে ভুল কম করি, যদি গেম প্ল্যান অনুযায়ী খেলতে পারি। যে ছোট ছোট ভুলগুলো আমরা করছি, যেগুলো নিয়ে কথা বলছি সবসময়। কোচিং স্টাফরা আমাদের সঙ্গে কথা বলছে। যখন আমরা অনুশীলন করি, সময় নিয়ে কথা বলে বলে ধরিয়ে দেওয়া হচ্ছে বিষয়গুলো। সবসময় দেখছি জুটির একটা ঘাটতি থাকে। এ জিনিসগুলো যদি ১০-১৫ শতাংশ উন্নতি করতে পারি, ভালো ক্রিকেট আসবে।’ এদিকে সব শেষ গত বছরের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে খেলেছিল বাংলাদেশ। এছাড়া এই ফরম্যাটে পাঁচ ম্যাচের বাকি চারটি ম্যাচের তিনটি খেলেছে ২০১৩ সালে ও একটি খেলেছে ২০১৭। তবে সেসব ম্যাচ মনে করতে চাচ্ছেন না টাইগ্রেস অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগের পাঁচটা ম্যাচের কয়টা ম্যাচ আমরা বিশ্বকাপে খেলেছি? (সবশেষ ম্যাচটা)। এর আগে? ২০১২-১৩ সালের দিকে। সেটা বিষয় না। আমরা এই সংস্করণটা ভালো খেলি। দল হিসেবে আমরা বেশি আত্মবিশ্বাসীও থাকি। কারণ সময়টা বেশি পাওয়া যায়। হিসেব কষে খেলা যায়। আমাদের যেহেতু লম্বা ব্যাটিং লাইন-আপ, সবাই সময় নিতে পছন্দ করে, সেটেল হয়ে খেলতে পছন্দ করে। সবারই ইতিবাচক ক্রিকেট খেলার মনোভাব থাকবে।’
মিরপুরে সবশেষ খেলা টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দুই-এক জন ছাড়া প্রায় সবাই উইকেটে মুখথুবড়ে পড়েছে। আর এ কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৯৭ রানের মামুলি লক্ষ্য পেয়েও হাত ছাড়া করেছে জয়। সেই ম্যাচে জয় পেলে ঘরের মাঠে ভারতকে হারানোর সুখকর স্মৃতি নিয়ে ওয়ানডে সিরিজে মাঠে নামতে পারতো। তবে বাংলাদেশের অধিনাকের কাছে সফরকারীদের থেকে নিজেদের ব্যাটিংকে উন্নতিই মনে হচ্ছে। বলেন, ‘আমার কাছে মনে হয় ভারতের চেয়ে আমরা ভালো ব্যাটিং করেছি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দেখেন, আমার কাছে মনে হয় আমাদের ব্যাটাররা উইকেটকে ভালো এসেস করতে পেরেছে এবং সে অনুযায়ী শটস খেলেছে।’