কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সজল সিকদার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।পরিবারের লোকজনের দাবি তাকে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তার ময়নাতদন্ত করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ সিকদার বাড়ি, পরিবারের সঙ্গে থাকতেন সজল। তার বাবার নাম মৃত জাহাঙ্গীর সিকদার। 

সুত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে বাসা থেকে মোটরসাইকেল যোগে আব্দুল্লাহপুর যাওয়ার পথে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) এর সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সজল আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মিডফোর্ড হাসপাতাল, সেখান থেকে ঢামেক হাসপাতালে বিকালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন (ওয়ান স্টপ আইসিইউ)  মঙ্গলবার ভোর ৫ টার দিকে মারা যান। 

এদিকে, মৃতের বড় ভাই পলাশ ও ভগ্নিপতি হাজী সালাউদ্দিন অভিযোগ করে বলেন, এটা সড়ক দুর্ঘটনায় তিনি মারা যাননি, তাকে মেরে ফেলা হয়েছে, কারণ দুর্ঘটনায় মারা গেলে তার শরীরের বিভিন্ন স্থানে জখম থাকতো, এমন কি তার মোটরসাইকেল টিরও কিছুই হয়নি। তারা আরও বলেন, সম্প্রতি গত ২২ জুন আমাদের এলাকায় অনিক নামে এক যুবকের সঙ্গে ঝগড়া হয়, তারই জেরধরে পরদিন অনিকের লোকজন রহমান হাজী, জামাই আমির হোসেন, সাব্বিরসহ বেশ কয়েক জন তাকে হুমকি দিয়ে ছিল। তারা ধারণা করছেন, তারাই তাকে মাথায় আঘাত করে ছিল, পরে চিকিৎসাধীন মারা যান। 

আরও পড়ুন: ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলায় ২৪ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহ্জামান বলেন, চলন্ত বাসে থাকা  হুইল পরে যায় চলন্ত মোটরসাইকেল উপরে, এতে সজল গুরুতর আহত হন। আমরা বাসটিকে জব্দ করিছি। এছাড়া সজলের পরিবার থেকে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যাবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। 

ইত্তেফাক/কেকে