রাজধানীতে জেপির কেন্দ্রীয় নেতা খুন

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে প্রধান সড়ক থেকে জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় নেতা সালাম বাহাদুরের (৫২) লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে একটি লাল রঙের প্রাইভেটকার থেকে দুই তরুণ-তরুণী লাশটি ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে।

নিহত সালাম বাহাদুর পেশায় একজন ঠিকাদার। ধানমন্ডির ২৭ নম্বর সড়কে তার বাসা। গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে। তিনি জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, গাড়ি থেকে লাশ ফেলে দেওয়ার ফুটেজের জন্য সিসি ক্যামেরার ভিডিও অনুসন্ধান করছে পুলিশ।

শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া জানিয়েছেন, শনিবার রাত ১২টার দিকে কে বা কারা এক ব্যক্তির লাশ গাড়ি থেকে ফেলে পালিয়ে গেছে বলে খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।