দীর্ঘ নয় মাস পর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক প্রত্যাবর্ন হয় বাংলাদেশ নারী ফুটবল দলের। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে এগিয়ে থাকলেও অতিরিক্ত সময়ের গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে সিরিজ খুইয়েছে সাবিনা-সানজিদারা।
আজকের ম্যাচে বাংলাদেশ আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামে। ম্যাচের প্রথমার্ধে গোলের সুযোগ সৃষ্টি করেছিল সফরকারী নেপাল। তাদের ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারী বেশ কয়েকটি আক্রমণ তৈরি করে। অন্যদিকে বাংলাদেশও গোলের সুযোগ পেয়েছিল৷ তবে তা কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তিন জন খেলোয়াড় পরিবর্তন করে বাংলাদেশ৷ খেলোয়াড় পরিবর্তন করেও ম্যাচের ফলাফল বদলাতে পারেনি বাংলাদেশ। শেষ কোন গোল না হলে গোলশূন্য থেকে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ করে বাংলাদেশ ও নেপাল।
এরপর সিরিজ নির্ধারণ করতে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। টাইব্রেকারে পাঁচ শটের মধ্যে চারটি গোল করে নেপাল। অন্যদিকে মাত্র দুটি গোল করে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেন শামসুন্নাহার ও মনিকা।