হোমনায় সর্দিজ্বর ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। একদিনেই সর্দিজ্বর নিয়ে ২২ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা আরএমও ডা. মো. শহিদ উল্লাহ জানান, গতকাল রবিবার তিনি ৬০ জনের মতো রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন। এদের মধ্যে ৪০ জনের বেশি জ্বরের রোগী রয়েছে, যাদের অনেকেরই শ্বাসকষ্টও আছে। এদের বেশির ভাগই শিশু। উপজেলা সদরের বেসরকারি হাসপাতালের কয়েক জন চিকিৎসকের সঙ্গে কথা বললে তারা জানান, তাদের কাছেও জ্বর-ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি আসছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স জাহানারা বেগম জানান, ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বর্তমানে ৪৮ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শনিবার একদিনেই ২২ জন জ্বরের রোগী ও ১০ জন ডায়রিয়ার রোগী এসেছে। এছাড়াও ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীও হাসপাতালে ভর্তি আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা হরিপুর গ্রামের বাসিন্দা গৃহবধূ সুফিয়া বেগম বলেন, তার দুই বছর বয়সী শিশু জ্বরে আক্রান্ত। তাই তিনি চিকিৎসকের কাছে এসেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার বলেন, মানুষ এখন মৌসুমি জ্বরে আক্রান্ত হচ্ছেন। চলতি মাসে পাঁচ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে এলেও এরা উপজেলার স্থায়ী বাসিন্দা নন। তারা গ্রাম থেকে ঢাকায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে ভয়ের কোনো কারণ নেই। হাসপাতাল থেকে রোগীদের প্রয়োজনীয় ওষুধসহ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আর উপজেলাকে ডেঙ্গুমুক্ত রাখতে মশা তাড়াতে পৌরসভার মেয়রকে লিখিতভাবে জানানো হয়েছে।