আড়াইহাজারে বাবুল নামে এক ব্যক্তির স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছে চোর। এখন স্বাবলম্বী হওয়ার বদলে কিস্তি পরিশোধের দুশ্চিন্তা চেপে বসেছে তার মাথায়।
কিস্তির টাকা তুলে তিন চাকার অটোরিকশা কিনেছিলেন গোপালদী পৌরসভার ইউসুফ আলী মুন্সীর ছেলে বাবুল। অটোরিকশা চালিয়ে নিয়মিত কিস্তির টাকা পরিশোধের পাশাপাশি ভালোই চলছিল তার সংসার। এর মধ্যে শনিবার (১৫ জুলাই) দুপুরে রামচন্দ্রদী মসজিদের বাইরে অটোরিকশাটি রেখে নামাজ পড়তে যান বাবুল। নামাজ শেষে বেরিয়ে এসে দেখেন তার অটোরিকশাটি চুরি হয়ে গেছে। এ ঘটনার পর তিনি কান্নায় ভেঙে পড়েন।
বাবুল জানান, ‘অনেক কষ্ট করে কিস্তির টাকা তুলে নিজে একটি অটোরিকশা কিনে চালাতাম। নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করে আসছিলাম। এখন অটোরিকশাটি চুরি হয়ে যাওয়ায় একদিকে পরিবার অন্যদিকে কিস্তির টাকা—কীভাবে কী করব বুঝতে পারছি না।’
আড়াইহাজার থানার ওসি এমদাদুল হক জানান, অটোরিকশাটি খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।