চার ক্যাটাগরিতে ১০ সাংবাদিককে পুরস্কৃত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। রোববার (১৬ জুলাই) বিকালে ডিনস কমপ্লেক্সে 'ক্যাম্পাস সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ' শীর্ষক দুই দিন ব্যাপী কর্মশালা শেষে এ পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।
এতে ফিচার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন প্রতিদিনের সংবাদ পত্রিকার জুবায়ের জামিল ও দ্বিতীয় হয়েছেন জাগো নিউজের সাংবাদিক মনির হোসেন মাহিন। স্পেশাল ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক হিসেবে প্রথম হয়েছেন জুবায়ের জিসান ও দ্বিতীয় হয়েছেন বাংলাভিশনের সৈয়দ সাকিব। কারেন্ট ইভেন্টে সেরা প্রতিবেদক হিসেবে প্রথম হয়েছেন মারুফ হোসেন মিশন ও দ্বিতীয় হয়েছেন আশিকুল ইসলাম।
এছাড়াও উদীয়মান সেরা প্রতিবেদক দৈনিক জনবাণীর ফারজানা খানম সারথি, দ্যা রাইজিং ক্যাম্পাসের সোহানুর রহমান, নিউজ ভিশনের আল মাহমুদ বিজয় ও যমুনা প্রতিদিনের সাবিনা ইয়াসমিন।
দুই দিন ব্যাপী এই কর্মশালায় অংশ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাবিবা ইয়াসমিন। তিনি ক্যাম্পাস সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন ও উদীয়মান সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছেন।
তিনি বলেন, বিভাগে আমরা সাংবাদিকতা পড়ি কিন্তু বইয়ের পড়ার সঙ্গে বাস্তবে সাংবাদিকতার ব্যবধান অনেক। যা এই প্রশিক্ষণ থেকেই বুঝলাম। সাংবাদিকতার বাস্তব চিত্র জানতে পারলাম। বইয়ের পড়া আর বাস্তব অভিজ্ঞতার সমন্বয় করেই সাংবাদিকতা করতে চাই।
প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান অভির সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম তুহিনের সঞ্চালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আমজাদ হোসেন ও উপদেষ্টা অধ্যাপক মোহা. হাসানাত আলী এবং জনসংযোগ প্রশাসক ও প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।
দুই দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও সহযোগী অধ্যাপক মো. আব্দুল্লাহীল বাকী, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম সবুজ, বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফররুখ বাবু, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মো. ইউসুফ আলী ও রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি সালমান শাকিল।
এতে সার্বিক সহযোগিতা করেছেন উত্তরায়ন আমানা সিটি।