রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান চলাকালীন নকশা বহির্ভূত কয়েকটি ভবনে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান।
সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুরে শেষ হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৫/১) ঢাকা উদ্যান হাজী দিল মোহাম্মদ এভিনিউ রোড এলাকায় রাজউক নকশা ছাড়া ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করি। এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ একটি ভবনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। কয়েকটি নকশা বহির্ভূত ভবনে প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দিয়েছি। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা নেই।
তিনি আরো বলেন, ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে রাজউক অভিযানের পাশাপাশি জন সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে নির্মাণাধীন ভবনের মালিকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তী কর্মসূচিতে লার্ভা শনাক্ত হলে জরিমানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। কিছু কিছু ভবনে মশা লার্ভা শনাক্ত হওয়ার পর ব্লিচিং পাউডারসহ মশা লার্ভা ধংসকারী ওষুধ ছিটানো হয়।
এলাকাবাসী এই ধরণের অভিযানকে স্বাগত জানিয়েছে।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার জাকির হোসেন, প্রধান ইমারত পরিদর্শক ফাতহ্, ইমারত পরিদর্শক বাপ্পি বিশ্বাসসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।