পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৬, আহত ১২

সম্প্রতি পাকিস্তানে একটি পর্যটক বাহী বাস খাদে পড়ে অন্তত ছয়জন নিহত হয়। রোববার (১৬ জুলাই) বাসটি দিয়ামার জেলার থালিচি এলাকায় কারাকোরাম হাইওয়ে দিয়ে গিলগিট যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাসের ধাক্কায় আরও ১২ জন আহত হয়েছে এবং হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা যায়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু এখনও নিহত পর্যটকদের নাম-পরিচয় জানা যায়নি। 

গিলগিট ডিভিশনের কমিশনার নাজিব আলম জানিয়েছেন, ২৭ জন পর্যটক নিয়ে লাহোর থেকে গিলগিট যাওয়ার পথে কোস্টারটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ধারনা করা হচ্ছে  দ্রুতগতির কারণে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন নারী ছিল। আহত ২১ জনকে নিকটবর্তী 'জগলট' হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে ৫ জনের অবস্থা খুবই গুরুত্বর। 

এছাড়া দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পর্যটক বাহী বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে তিনি ভয়াবহ এই দুর্ঘটনার কারণ তদন্তের এবং আহতদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।