ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ জুলাই) বিকালে রাজধানীর বনানী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে বনানী এলাকায় মারধর করা হয় হিরো আলমকে। ঘটনার সময় তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন।
এ সময় হামলাকারীদের গলায় ‘নৌকা’ প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা যায়। তারা হিরো আলমকে ধাওয়া দিয়ে মারতে মারতে কেন্দ্র থেকে অনেকদূর পর্যন্ত নিয়ে যান। পরে একটি গাড়িতে উঠে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় হিরো আলম।
ডিবির এডিসি হাফিজ আল আসাদ (এডিসি গুলশান বিভাগ) গণমাধ্যমকে বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে সেখানে তাদের কী ভূমিকা ছিল।