শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, বিএনপি আজকে রাজনীতির নামে আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের জন্য ষড়ন্ত্র করছে। জঙ্গিবাদের মদত দিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়। শেখ হাসিনার নেতৃত্ব যতদিন থাকবে ততদিন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। কোনো অপশক্তিকে বাংলার ১৭ কোটি মানুষ কোনো প্রশ্রয় দিবে না। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সাথে ছিলো, আছে এবং থাকবে। জনগণের সেবাই এই সরকারের একমাত্র মূলমন্ত্র। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।
ইকবাল হোসেন অপু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলতেই সামরিক জান্তা জিয়াউর রহমানকে আবিষ্কার করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীদের পরিবর্তিত রূপ যারা আছে, বিএনপি-জামায়াতসহ আজকে যারা মৌলবাদী ধর্মান্ধ, জঙ্গিবাদীর পৃষ্টপোষক, সেই অপশক্তিরা আজও বসে নেই। তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা বিভিন্নভাবে অপকর্ম করছে। সুতরাং আমাদের সকলকে সজাগ থাকতে ষড়যন্ত্রের বিরুদ্ধে।
এসময় শরীয়তপুর জেলা, সদর উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ, ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।