রোনালদোর দাবি

‘এমএলএসের চেয়ে সৌদি প্রো-লিগই ভালো’

ইউরোপের পাট চুকিয়ে এই বছরের শুরুতে সৌদি আরবের ক্লাব আল নাসরে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে প্রথম মৌসুমটা খুব একটা সুবিধার হয়নি রোনালদোর। এবার প্রাক মৌসুমে প্রথমবার আল নাসরের হয়ে মাঠে নামলেন সিআর সেভেন। রোনালদো মাঠে নেমেছিলেন তার এক সময়ের পুরোনো প্রতিপক্ষ সেল্টা ভিগোর বিপক্ষে। ম্যাচে অবশ্য ৫-০ গোলে হেরে গেছে রোনালদোর দল।

ম্যাচ শেষেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির যোগ দেওয়া মেজর লিগ সকার (এমএলএস) সম্পর্কে কথা বলেছেন পর্তুগিজ এই তারকা। এমএলএসের চেয়ে সৌদি প্রো-লিগ ভালো বলে জানিয়েছেন রোনালদো।  

পর্তুগালের এস্তাদিও আলগারভে স্টেডিয়ামে ম্যাচশেষে পর্তুগিজ এক সাংবাদিককে সাক্ষাৎকার দেন রোনালদো। সেই সাক্ষাৎকারেই তিনি বলেন, 'সৌদি লিগ যুক্তরাষ্ট্রের এমএলএস-এর চেয়ে ভালো। আমি সৌদি লিগের পথ খুলে দিয়েছি, যার কারণে এখন সব খেলোয়াড় এখানে আসছে।'

গত জানুয়ারিতে আল নাসরের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেন রোনালদো। এরপর সেখানেই গত মাস ছয়েক কাটিয়ে ফেলেছেন সিআর সেভেন। এবার নতুন মৌসুমে করিম বেনজেমা, রবার্তো ফিরমিনো, এনগোলো কান্তেদের মতো বড় তারকারাও নাম লিখিয়েছেন সৌদি প্রো-লিগের বিভিন্ন ক্লাবে। 

অন্যদিকে, পিএসজি ছাড়ার মাধ্যমে ইউরোপের পার্ট চুকিয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পিএসজি চেহড়ে পুনরায় বার্সেলোনায় ফেরার গুঞ্জন থাকলেও মেসি শেষ পর্যন্ত চলে গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। মেসির সঙ্গে মিয়ামিতে যোগ দিয়েছে তারই সাবেক সতীর্থ সার্জিও বুসকেটসও। শোনা যাচ্ছে তারা আনতে পারে আরও বড় কিছু তারকাকেও।

তবে ঠিক এমন মুহুর্তেই এমএলএস আর সৌদি প্রো-লিগের তুলনা টেনে এক সময়ের প্রতিদ্বন্দ্বী মেসিকে কি নতুন করেই একটু খোঁচা মারলেন রোনালদো?  

এদিকে রোনালদোর নিজের কি আবার কখনও ইউরোপে ফেরার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি পরিষ্কারভাবেই তা নাকচ করে দিয়ে জানান, তার জন্য ইউরোপের দরজা বন্ধ হয়ে গেছে।

রোনালদো বলেন, 'আমি শতভাগ নিশ্চিত যে, আমি কোনো ইউরোপীয় ক্লাবে ফিরব না। আমার বয়স এখন ৩৮ বছর এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়া বর্তমানে ইউরোপীয় ফুটবলে মান হারিয়েছে। তারা অন্য সব লিগের চেয়ে অনেক এগিয়ে।'