প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলাগাছের তন্তু থেকে তৈরি ‘কলাবতী শাড়ি’ ও হস্তশিল্পজাত পণ্য উপহার দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি। সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এসময় একটি ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী সবাইকে স্ত্রীর জন্য কলাবতী শাড়ি কিনতে আহ্বান জানিয়েছেন। ভিডিওটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ঘুরছে সবার সামাজিক যোগাযোগমাধ্যমের দেয়ালজুড়ে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি কলাগাছের তন্তু থেকে প্রস্তুত তিনটি শাড়ি ও দুটি জুয়েলারি বক্স এসময় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু হতে মণিপুরী ডিজাইনের এই শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। আর প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ি তিনটি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।
এছাড়া, পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক।