পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে শেষ হয়েছে বিএনপির পদযাত্রা। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে গাবতলী থেকে বিএনপির এই পদযাত্রা শুরু হয়। মিছিলে মিছিলে এই পদযাত্রায় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গিয়েছে।
১৬ কিলোমিটারের এই পদযাত্রা টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মিরপুর-১০ গোল চত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁওয়ের তালতলা, বিজয় স্মরণী, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়েসাহেব বাজার মোড়ে গিয়ে বিকাল ৪টায় শেষ হওয়ার কথা ছিল। তবে সমাপনী বক্তব্যের মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয়।
এ সময় সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমার এই রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জন্য আমি বহু মিছিল করেছি। কিন্তু আজকে যে মিছিল, সেই অভিজ্ঞতা আমার আগে ছিল না। আজকে এতবড় মিছিল হয়েছে যে, তা পুরো বিশ্বকে আবাক করে দিয়েছে।
এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুবদলের সভাপতি বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এই পদযাত্রা ঘিরে মহানগরীরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা সমবেত হয় বিভিন্ন স্পটে। ফলে পদযাত্রার বহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। নেতা-কর্মীরা দলীয় ও জাতীয় পতাকা এবং সরকার পদত্যাগের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে যোগ দেয়। লাল, সবুজ, হলুদ, বেগুনি প্রভৃতি রঙের ক্যাপ পরে কর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ঢাকাবাসীকে আন্দোলনের দাবিগুলো জানায় তারা।