দ্বিতীয় দিনের মতো মিছিলে মিছিলে রাজপথে বিএনপি

বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ পদযাত্রা করছে বিএনপি। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া এ পদযাত্রা কর্মসূচিতে নেতা-কর্মীদের ঢল নেমেছে। 

বুধবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে বিমানবন্দর এলাকায় পৌঁছেছেন নেতারা। ইতিমধ্যে বিমানবন্দর সড়ক লোকে-লোকারণ্য। নেতা-কর্মীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা।

WhatsApp Image 2023-07-19 at 12.46.45 PM

আবদুল্লাহপুর থেকে বেলা ১১টার দিকে এ পদযাত্রা শুরু হয়। যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় গিয়ে পদযাত্রা শেষ হবে।

এর আগে, সকাল থেকেই পদযাত্রায় অংশ নিতে আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। তারা মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জানা গেছে, আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে পদযাত্রাটি।

গতকাল মঙ্গলবার রাজধানীর গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত পদযাত্রা করে বিএনপি। এ দিন সমমনা রাজনৈতিক দলগুলো ঢাকায় পদযাত্রা করে।